আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের প্রধান ফটকের পাশে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় দাঁড়িয়ে হাকা আলিফ পরিবহনের বাসে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির বেশিরভাগ অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ওসি আরো জানান, এছাড়া জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। সেই সাথে এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে।






