উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)
নদী আর জীবিকার সংগ্রামে বেড়ে ওঠা। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীর মধ্যে আশার আলো জ্বালিয়েছেন দুই তরুণ। দারিদ্র্য, সামাজিক প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মান্তা সম্প্রদায়ের দুই সন্তান মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মান্তা জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই দুই তরুণকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। যুগ যুগ ধরে তাঁদের জীবন-জীবিকার ধরন, আর্থিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতা সন্তানদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে এই জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনো শিক্ষার মূলধারায় পর্যাপ্তভাবে যুক্ত হতে পারেনি। এমন বাস্তবতায় আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেনের উচ্চশিক্ষা অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী সাফল্য।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এমন অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে উপজেলা প্রশাসন পাশে থাকবে। পাশাপাশি দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ এগিয়ে নিতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সম্মাননা পাওয়া মান্তা সম্প্রদায়ের সন্তান মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের এই সম্মাননা আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের সম্প্রদায়ের অন্য সন্তানরাও যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় সচেতন মহলের মতে, আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেনের এই অর্জন মান্তা সম্প্রদায়ের অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তাঁদের সাফল্য দেখে অন্য বাবা-মায়েরাও সন্তানদের বিদ্যালয়মুখী করতে উৎসাহিত হবেন। একই সঙ্গে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা তাঁদের।
দারিদ্র্য ও প্রতিকূলতা যে শিক্ষার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না, তারই প্রমাণ এই দুই তরুণ। তাঁদের সাফল্য শুধু দুটি পরিবারের নয়, বরং বাবুগঞ্জের মান্তা সম্প্রদায়ের নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিল।





