রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শনে এসে ধর্মীয় প্রার্থনা ও পূজার্চনায় অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। এ সময় মন্ত্রীর স্ত্রী বিহারের প্রধান ভান্তের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।


শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী বিহারে পৌঁছালে রামগড় উপজেলা বিএনপির নেতা ও বিহার পরিচালনা কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।


মন্ত্রীর সাথে ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাত সোয়া ৮টার দিকে তারা দু’জন ঢাকার উদ্দেশে রওনা হন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার, উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় শতাধিক পাহাড়ি বাসিন্দা।


এর আগে জেলা সার্কিট হাউসে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াদুদ ভূঁইয়া। সেখানে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। তিন পার্বত্য জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রম গতিশীল করা এবং পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। এছাড়া টেকসই উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।


ওই সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার সাদাত, পুলিশ সুপার (এসপি) মো: মর্তুজা আলী খান, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির সিনিয়র নেতারা।


দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।