ভিন্নমত দমনে ট্যাগিং ও মববাজির রাজনীতি ফিরেছে: শিক্ষক নেটওয়ার্ক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বাংলাদেশে ভিন্নমত দমনে আওয়ামী লীগ আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতি আবারও ফিরে এসেছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি বলেছে, রাজনৈতিক মত প্রকাশের কারণে শিক্ষক ও নাগরিকদের ওপর সাইবার হামলা, হয়রানি, লাঞ্ছনা ও মব আক্রমণের ঘটনা ঘটছে। বিচার ও রাজনৈতিক মীমাংসার পাশাপাশি দেশে গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
আজ শনিবার ‘ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি’ শীর্ষক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মীমাংসা জরুরি। অন্যথায় জাতীয় রাজনীতিতে চলমান সংঘাত রাষ্ট্রের জন্য নিরন্তর ঝুঁকি তৈরি করবে।
বিবৃতিতে বলা হয়, নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে একটি দলকে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগের হুমকি উদ্বেগজনক। অন্যদিকে, জুলাই ও পূর্ববর্তী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে নিষিদ্ধ থাকার সুযোগে আওয়ামী লীগপন্থিদের প্রচলিত সন্ত্রাসবাদের পথে ফিরে যাওয়াও গ্রহণযোগ্য নয়।
শিক্ষক নেটওয়ার্ক বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন বা অংশগ্রহণ না করলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু জুলাই-পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের আমলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়নি। বরং বিভিন্নভাবে নাগরিকদের রাজনৈতিক মত প্রকাশের বিরুদ্ধে নিপীড়ন চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের আওয়ামী লীগ-সমর্থক আখ্যা দিয়ে লাঞ্ছিত করা, তালিকা তৈরি, ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধা এবং দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ভিন্নমতাবলম্বীদের ওপর মব হামলা, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে ঘিরে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, তার টকশোর বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে তাকে, তার পরিবার ও সন্তানদের সাইবার বুলিং করা হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক আলোচনা থেকে তাকে বাদ দেওয়া এবং ছাত্রসংগঠনগুলোর চাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার দায়িত্ব থেকে অপসারণের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের সদস্যদের তালিকা তৈরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিছা পারভীন জলিকে সাইবার আক্রমণ এবং অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক সামিনা লুৎফার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের বিষয়টিও তুলে ধরেছে শিক্ষক নেটওয়ার্ক।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান ও কাজলী শেহরীন ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাইবার আক্রমণের শিকার হওয়ার কথাও উল্লেখ করা হয়।
এসব ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্য, মত-পথ নির্বিশেষে সব শিক্ষক ও নাগরিকের বিরুদ্ধে সাইবার আক্রমণ, হয়রানি, লাঞ্ছনা ও মববাজি বন্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগণতান্ত্রিক আচরণেরও অবসান ঘটাতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে শিক্ষাঙ্গণ ও জাতীয় পর্যায়ে দ্রুত সহিষ্ণু গণতান্ত্রিক পরিসর নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জুলাই-সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচার, রাজনৈতিক মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে স্থায়ী শান্তি ও প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।





