নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অন্যতম শীর্ষ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টেফিওরি সতর্ক করেছেন যে, ইসরাইল বর্তমানে এক অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সিএনএনের আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল এমন এক সংকটের মুখোমুখি, যা দেশটির রাষ্ট্রীয় সংহতি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।
অনুষ্ঠানে মন্টেফিওরি তার নতুন বই 'দ্য ক্যালড্রন: দ্য মেকিং অব দ্য মডার্ন মিডল ইস্ট' নিয়ে আলোচনা করেন। তিনি ইসরাইলকে একই সঙ্গে আত্মবিশ্বাসী ও নিরাপত্তাহীন এবং উচ্চাভিলাষী অথচ প্রস্তুতির ঘাটতিতে ভোগা রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। সিরিয়ার মতো ইসরাইলও অভ্যন্তরীণ বিভাজনের কারণে ভেঙে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মন্টেফিওরি বলেন, যেসব দেশ একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সীমানা নিয়ে টিকে ছিল, সেগুলোর অনেকগুলোই শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। ইসরাইলের ক্ষেত্রে সংকট আরও জটিল, কারণ দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা এখনো নির্ধারিত নয়। তিনি আরও বলেন, গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য বিদ্রোহ বা নতুন ইন্তিফাদার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মন্টেফিওরির ভাষ্যমতে, এসব সহিংসতা দমনে সেনাবাহিনী মোতায়েন করা হলেও কিছু সেনা রেজিমেন্ট কখনো কখনো বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়েছে, যা রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সেনাবাহিনীর আনুগত্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, কোনো রাষ্ট্রের ক্ষমতা যখন সশস্ত্র গোষ্ঠী বা মিলিশিয়াদের হাতে চলে যেতে থাকে, তখন সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য হয়ে উঠতে পারে। লেবাননের মতো দেশে এমন পরিস্থিতি দেখা গেলেও ইসরাইলের মতো একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।
তবে তিনি মনে করেন, নতুন সরকার গঠিত হলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব। আইজেনকোটের নেতৃত্বে একটি স্থিতিশীল সরকার গঠিত হলে তা ইসরাইলের অভ্যন্তরীণ সংকট, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






