নিজস্ব প্রতিবেদক

ফরিদ উদ্দিন খান বলেন, পৃথিবীতে মানুষের অভাব না থাকলেও ভালো ও নিরাপদ মানুষের বড়ই অভাব রয়েছে। নিরাপদ মানুষ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যার আচার-আচরণ, কথাবার্তা ও লেনদেনসহ জীবনের প্রতিটি কর্মকাণ্ডে আশপাশের মানুষ নিরাপদ বোধ করেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অনিরাপদ শাসকের ঔদ্ধত্যপূর্ণ ও নেতিবাচক আচরণের কারণে অসংখ্য মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।


ইতিহাসের পাতায় সবচেয়ে নিরাপদ মানুষ হিসেবে পরিচিত মুহাম্মদ (সা.)। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যার কাছে ইহুদি-খ্রিস্টানসহ সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের নিরাপদ মনে করতেন এবং মূল্যবান সামগ্রী আমানত রাখতেন। বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার জন্য এমন নিরাপদ মানুষের সংখ্যা বৃদ্ধি করা জরুরি। এ প্রসঙ্গে নবী (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সে-ই, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে’ (বুখারি: ১০; মুসলিম: ৪০)। ইসলাম সবসময় মানুষকে নিরাপদ ও বিশ্বস্ত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে।


দুনিয়ায় বেঁচে থাকার জন্য নিরাপদ মানুষের প্রয়োজনীয়তা অপরিসীম। কর্মক্ষেত্র কিংবা আবাসস্থলে একজন ব্যক্তি যদি নিরাপদ মানুষ হন, তবে সহকর্মী বা প্রতিবেশীরা তার কাছে নিজেদের নিরাপদ মনে করবেন। পক্ষান্তরে, অনিরাপদ মানুষের সান্নিধ্যে অন্যরা সবসময় অস্বস্তি ও অসহায়ত্ব বোধ করেন, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই বিশ্বজুড়ে শান্তি ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমাদের সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে।


লেখক: খতিব, মসজিদ-এ-ক্বোবা, সাভার পৌরসভা, সাভার, ঢাকা।