নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ দক্ষিণ বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা। সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সাহেবাবাদ বাজারে আয়োজিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি লায়ন মোস্তফা কামাল, সহসভাপতি শফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, জামায়াত নেতা ড. মোবারক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্পাদক রেজাউল করিম বাদল, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সমিতির সদস্য আমজাদ হোসেন কুতিব ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ফরিদ উদ্দিন ডিলার, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, ময়নাল হোসেন, হাজী আমানত খান, জাকির খান সম্রাট সহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট ও দুর্ভোগ আমাদের সবারই কষ্ট। তাঁরা অনেকেই তাঁদের সারা জীবনের সঞ্চয় ও পুঁজি দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। একটি অগ্নিকাণ্ডে তাঁদের সেই স্বপ্ন ও জীবিকা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমন কঠিন সময়ে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকা যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
আমি বিশ্বাস করি, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। আমি তাঁদের পাশে থাকার চেষ্টা করব। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে পারবেন বলে আশা করি।
অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।





