নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ আট বছর পর শনিবার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩টি কেন্দ্রে একযোগে চলবে। এই নির্বাচনে সারা দেশের প্রায় ১ লাখ ৩৫ হাজার চা-শ্রমিক তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন।
চা-শিল্পের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলায় নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা প্রশাসনের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৮৪৭ জন। জেলার সাতটি উপজেলার ১৩৫টি বাগান ও পঞ্চায়েতের অধীনে ৩৫টি পঞ্চায়েত প্যানেল রয়েছে। এর মধ্যে ১৬টি প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকি প্যানেলগুলোতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করছেন শ্রমিকরা।
জেলার সাতটি উপজেলার মধ্যে শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি ভোটার রয়েছে। উপজেলার ৪০টি পঞ্চায়েতে মোট ভোটার ১৮ হাজার ৮২২ জন। এছাড়া কমলগঞ্জে ১৪ হাজার ৪৩৫ জন, কুলাউড়ায় ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ৩ হাজার ৮১৭ জন এবং সদর উপজেলায় ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন। জেলার চারটি ভ্যালির অধীনে মোট ১৫৭টি বাগান ও পঞ্চায়েত রয়েছে, যার মধ্যে বালিশিরা ভ্যালিতে ৪৬টি, জুড়ী ভ্যালিতে ৩৬টি, লংলা ভ্যালিতে ৩৪টি এবং মনু-দলই ভ্যালিতে ২৩টি বাগান ও পঞ্চায়েত অন্তর্ভুক্ত।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, চা-শ্রমিকদের অধিকার আদায়ের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলার সব এলাকায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, চা-শ্রমিকদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে এবং সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।






