নিজস্ব প্রতিবেদক

দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হালনাগাদ প্রযুক্তি এবং নজরকাড়া নকশার নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি ও মোটরবাইক নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) প্রদর্শনী। তিন দিনের এ প্রদর্শনীতে ২০০টি স্টলে বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।


বিকেলে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবালাইজিং চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং এবং প্রদর্শনীর আয়োজক সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল আলম।


প্রদর্শনীর প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কেড়েছে এমজি সাইবারস্টার বৈদ্যুতিক স্পোর্টস কার। এই গাড়ির উল্লেখযোগ্য দিক তুলে ধরে র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন নির্বাহী কর্মকর্তা শাহরীন সিদ্দিকা বলেন, ‘এমজি সাইবারস্টার গাড়িতে ৭৭ কিলোওয়াটের ব্যাটারি রয়েছে। এর ফলে একবার পূর্ণ চার্জ করলে টানা ৫০০ কিলোমিটার পর্যন্ত চালানো যায় গাড়িটি। ৫টি রঙে বাজারে আসা গাড়িটির দাম ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা’।


প্রদর্শনীতে নিজেদের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড আরএক্স উন্মোচন করেছে র‍্যাংগসএক্স। নতুন এই ব্র্যান্ডের আওতায় আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস মডেলের তিনটি বৈদ্যুতিক স্কুটার বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখে মডেলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি স্কুটারে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি রয়েছে, যা সহজেই খুলে সুবিধামতো স্থানে চার্জ করা যায়। এ ছাড়া রয়েছে ১২ ইঞ্চি চাকা ও বাংলা ভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে। আরএক্সের পাশাপাশি প্রদর্শনীতে ট্রমক্স ব্র্যান্ডের মোটরবাইক, ডংফেং ইএম২৬ মডেলের ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের মাইক্রোবাসও প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।


র‍্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনকে দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। আরএক্সের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি।’


প্রদর্শনীতে রাইডো নিজেদের তৈরি একাধিক মডেলের বৈদ্যুতিক বাইক প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মঈন রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন বৈদ্যুতিক বাইকের বিষয়ে আগ্রহী, কারণ রক্ষণাবেক্ষণ খরচ কম এবং সহজে ব্যবহার করা যায়। যাঁরা বাইক চালাতে পারেন না তাঁদের জন্যও এই বৈদ্যুতিক বাইকগুলো ভালো।’


প্রদর্শনীতে আশুলিয়া থেকে আসা আসাদুজ্জামান আরিফ বলেন, ‘আমার একটি বৈদ্যুতিক বাইক কেনার ইচ্ছে আছে। আর তাই এক জায়গায় অনেক ব্যান্ডের বৈদ্যুতিক বাইক সম্পর্কে ধারণা নিতে আমি প্রদর্শনীতে এসেছি। প্রদর্শনীতে অনেক প্রতিষ্ঠান মূল্য ছাড়ও দিচ্ছে, যা আমার জন্য ভালো হবে।’


ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর (অটোমোবাইল) হাবিবে মোস্তাকিম বলেন, ‘এই প্রদর্শনীতে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে এসেছি। শিক্ষার্থীরা চার বছরের ডিপ্লোমা শেষ করে যখন চাকরি করতে যাবে তখন এই প্রদর্শনীতে থাকা বাহনগুলোতে ব্যবহৃত প্রযুক্তি তাদের উপকারে আসবে।’


প্রদর্শনীর আয়োজক সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল আলম বলেন, ‘আমরা ২০২৪ সালে প্রথম বিইভিএমএক্স প্রদর্শনীর আয়োজন করেছিলাম। তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে ৮টি দেশের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রদর্শন করছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। আমি মনে করি এই প্রদর্শনীর মাধ্যমে বৈদ্যুতিক যানবাহনের প্রচার এবং ব্যক্তিগত ব্যবহার আরও বাড়বে বলে মনে করি’।


প্রদর্শনী চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।