নিজস্ব প্রতিবেদক
ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গাদি আইজেনকোট—এমন একটি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ ব্যবস্থায় আইজেনকোটের মেয়াদ শেষ হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নেতানিয়াহু।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ইতোমধ্যে আইজেনকোটের কাছে এ প্রস্তাব পৌঁছানো হয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ থাকছে লিকুদ পার্টির। তবে এ ধরনের সমঝোতার শর্ত নিয়ে দলটির ভেতরেও মতবিভেদ রয়েছে।
অন্যদিকে, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আইজেনকোট এখনো যথেষ্ট সন্দিহান। আগামী ৬ ডিসেম্বর তার সরকার গঠনের ম্যান্ডেটের মেয়াদ শেষ হবে।
শুক্রবার ইসরাইল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান সতর্ক করে বলেছেন, নতুন সরকার গঠনের উদ্যোগ ভেস্তে দিতে কৌশল হিসেবে আইজেনকোটকে পালাক্রমে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব দিতে পারেন নেতানিয়াহু।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান লেখেন, ‘পরিবর্তনের সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। নেতানিয়াহু গাদি আইজেনকোটকে এমন একটি পর্যায়ক্রমিক প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব দেবেন, যেখানে নেতানিয়াহু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন—এ সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে সবাইকে বুঝতে হবে, এটি নিছক একটি কৌশল।’
লিবারম্যানের দাবি, নেতানিয়াহু নতুন নির্বাচন চান। সে লক্ষ্যেই শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্য সরকার নিয়ে আলোচনা দীর্ঘায়িত করবেন এবং পরে আলোচনা ভেঙে দেওয়ার অজুহাত খুঁজবেন। এমনকি ঐক্য সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে সংকট তৈরি করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন তিনি।
লিবারম্যান বলেন, রাজনৈতিক অঙ্গনের সব পক্ষেরই বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট ইতিমধ্যে চুক্তিবদ্ধ জোটসঙ্গী ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং লিবারম্যানকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের অনুমোদন ছাড়া নেতানিয়াহুর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করবেন না।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল





