উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জের দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন এক হাজার শিক্ষার্থী। তাদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ প্রদান উপলক্ষে আগামী ৩০ নভেম্বর আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।


শনিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় মাদরাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলাম।


সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ আনোয়ার হোসেন। এ সময় হাফেজ তাজুল ইসলাম, মুফতি শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে এক হাজার শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। তাদের কেউ এখনো পড়াশোনা করছেন, আবার কেউ শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন। মহাসম্মেলনে এসব হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ দেওয়া হবে।


আগামী সোমবার (৩০ নভেম্বর) বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ৩০০-এর বেশি স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। এতে সভাপতিত্ব করবেন ফেনী জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ।


এ ছাড়া অনুষ্ঠানে আল্লামা মুফতি দেলোয়ার হোসেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মুফতি মুস্তাকুন্নবী, মুফতি আনিসুর রহমান আশরাফী, শায়েখ ক্বারী আবদুল হক ও শায়েখ ক্বারী আহমদ বিন ইউসুফসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ, মিশর, ইরান, তানজানিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্বারীদেরও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।