নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। আগামী ডিসেম্বরে ঢাকা সফরে আসার কথা থাকলেও আপাতত সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।


শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকা সফরের পাশাপাশি থাইল্যান্ড সফরও স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আনোয়ার ইব্রাহিম।


সফরকালে দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা ছিল।


এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।