খালিদ হাসান, সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
গাজাগামী ত্রাণবহর ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এ দেশের মানুষ কখনও নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
দেশের প্রবীণ এই আলোকচিত্রীকে বহনকারী জাহাজটি ইসরাইলি বাহিনী আটকানোর কয়েক ঘণ্টা পরই ফেসবুকে এই প্রতিক্রিয়া জানান, তারেক রহমান। এ সময় তিনি শহিদুল আলমের সাহস ও মানবিক উদ্যোগের প্রতি বিএনপির সমর্থন ব্যক্ত করেন।
গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্যোগে প্রথম বাংলাদেশি হিসেবে শহিদুল আলম ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’র মিডিয়া ফ্লোটিলায় যোগ দেন। এই পদক্ষেপকে বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী মানুষ স্বাধীনতার জন্য দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন