তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই: মঈন খান

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:০৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:০৭:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাত্র ছয় মাসের ব্যবধানে তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন এবং বাংলাদেশকে নতুন সাজে সজ্জিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

 

শুক্রবার বিকেলে নরসিংদী জেলা শহরের তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মঈন খান আরো বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা হলো স্থানীয় সরকার নির্বাচন। বর্তমান সরকার স্থানীয় সরকারের পাঁচটি স্তরে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন জনগণকে উপহার দেবে।

 

ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ওয়ান-ইলেভেনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে চাওয়া হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসনে পাঠিয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাকে ভালোবাসে বলেই আজ ভোটের মাধ্যমে তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে।

 

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন শারমিন এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]