তিন মাসের নি'ষে'ধা'জ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:৫২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:৫২:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। নিষেধাজ্ঞা শেষ হওয়ার চতুর্থ দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাগেরহাটের মোংলা করমজল পর্যটনকেন্দ্র। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এ পর্যটনকেন্দ্র।

 

প্রজনন মৌসুমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশসহ বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই সুন্দরবনমুখী হতে শুরু করেন প্রকৃতিপ্রেমীরা।

 

শনিবার করমজলে গিয়ে দেখা যায়, সকাল থেকেই পর্যটকবাহী নৌযান একের পর এক ঘাটে ভিড়ছে। পরিবার-পরিজন নিয়ে আসা পর্যটকদের কেউ ফুটট্রেইলে ঘুরছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আনাগোনায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে করমজলে।

 

ঢাকা থেকে আসা এক পর্যটক শাওন খান বলেন, ‘অনেক দিন সুন্দরবন বন্ধ ছিল। খোলার খবর পাওয়ার পরই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। করমজলের প্রাকৃতিক পরিবেশ ও সুন্দরবনের সৌন্দর্য খুবই ভালো লাগছে।’ 

 

আরেক পর্যটক গোলাম রাব্বানী বলেন, ‘সুন্দরবনে আসার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। বাচ্চাদের নিয়ে এসে খুব আনন্দ লাগছে। এত পর্যটক দেখে বুঝতে পারছি, সবাই সুন্দরবনে আসার জন্য অপেক্ষা করছিলেন।’

 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। শুরুতে আবহাওয়াজনিত কারণে পর্যটকের সংখ্যা কিছুটা কম ছিল। আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যটকদের উপস্থিতি বাড়ছে। পর্যটকদের নিরাপদে সুন্দরবন ভ্রমণের জন্য বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর পর্যটকদের উপস্থিতিতে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে নৌযান, মোংলার হোটেল-রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।

 

প্রকৃতির অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অনন্য সমাহার সুন্দরবন। নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকদের উপচেপড়া ভিড় আবারও জানান দিচ্ছে সুন্দরবনের প্রতি মানুষের আকর্ষণ কতটা গভীর। তবে এই সৌন্দর্য ধরে রাখতে পর্যটকদের সচেতনতা এবং বন বিভাগের নিয়ম মেনে চলাই এখন সবচেয়ে জরুরি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]