সিগা'রেট হাতে মা'দ'কবি'রো'ধী অ'ভি'যা'নে ইবি প্রক্টর

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:১৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:১৪:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টরিয়াল বডির মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের হাতে জ্বলন্ত সিগারেট থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক ও নিরাপত্তা সেলের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

 

অভিযানকালে ডায়না চত্বর, ঝাল চত্বর, একাডেমিক ভবনসমূহের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণ, পেয়ারা বাগান, ছাত্রীহল এলাকা এবং ইবি লেকসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে অভিযানের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নজর কাড়ে শিক্ষক-শিক্ষার্থীদের। ভিডিওটিতে প্রক্টরিয়াল বডির সদস্যদের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেলেও, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের হাতে স্পষ্টতই একটি জ্বলন্ত সিগারেট দেখা যায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রক্টর উন্মুক্তভাবে সিগারেট হাতে নিয়ে মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন, এটা দেখে শিক্ষার্থীরা কী শিখবে? অভিযানকারীর হাতেই যদি ধোঁয়ায় আচ্ছন্ন দ্রব্য থাকে, তবে সেই অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শিক্ষকদের প্রকাশ্যে ধুমপান থেকে বিরত থাকা উচিত।

 

আরেক শিক্ষার্থী কটাক্ষ করে বলেন, মাদকবিরোধী অভিযানের গুরুত্ব অনুধাবন করতে গিয়ে প্রক্টর স্যার হাতে সিগারেট জ্বালিয়েই মাঠে নেমে পড়লেন! এমন ‘ধোঁয়াটে অভিযান’ দেখে বোঝা দায়, তিনি ক্যাম্পাসে মাদক দূর করতে এসেছিলেন নাকি নিজের সিগারেট পানের জন্য একটা নিরাপদ পরিবেশ খুঁজছিলেন।

 

অভিযানে কোনো মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রক্টরের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে চার-পাঁচটি যুগলকে পাওয়া গেলে তাদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রক্টর সতর্ক করেছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, এ ধরনের অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, তবে গতকাল একটু জোর দিয়েই করা হয়েছে এবং তা নিয়মিত চলবে। তবে ভিডিওতে তার হাতে সিগারেট থাকা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]