গ্যাস-বিদ্যুতের সং'ক'টে' হু'ম'কি নয়, সমাধানের পথ দেখান: রিজভী

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৪:৫৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৪:৫৮:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

 

 

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি এই আহ্বান জানান তিনি। রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও বিগত সরকারের ভুল পরিকল্পনার ফল।

 

শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দেন, আমরা কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে এবং কীভাবে তা পাব।’

 

বর্তমান সংকট মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে কার্যকর ও সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করে তিনি বলেন, সংসদে কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের অংশ হলেও দেশের এই সংকটময় সময়ে গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।

 

তিনি সতর্ক করে বলেন, ‘পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন হবে না। বরং কীভাবে সংকট কাটানো যায়, সেই পথ দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যেতে পারে।’

 

সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে। এটি সরকারের একক কোনো কারণে সৃষ্টি হয়নি বলেও দাবি করেন তিনি।

 

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।

 

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]