হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের ৩ ঘণ্টা সং'ঘ'র্ষ, আ'হ'ত ৫০

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১২:১৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১২:১৮:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোরে ফুটবল খেলার সময়সূচি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

 

বুধবার সন্ধ্যার পর মিরপুর বাজারে এ সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষ চলাকালে বাজারের বিভিন্ন দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়। এ সময় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর উপজেলার বানিয়াগাঁও গ্রামের রিয়াদ মিয়া একটি ইনডোর খেলার মাঠ উদ্বোধন করেন। সেখানে খেলার সময়সূচি নির্ধারণকে কেন্দ্র করে পশ্চিম জয়পুর গ্রামের উজ্জ্বলের দলের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, উজ্জ্বলের দলকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত খেলার সময় দেওয়া হয়েছিল। তবে তারা নির্ধারিত সময়ের কিছুটা পর মাঠে পৌঁছালে সেই সময়ে অন্য একটি দল খেলায় নেমে পড়ে। পরবর্তীতে রিয়াদ মিয়া উজ্জ্বলের দলকে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত খেলার বিকল্প সুযোগ দেওয়ার প্রস্তাব দিলে তারা খেলায় অংশ না নিয়ে মাঠ ত্যাগ করেন।

 

এ ঘটনার জের ধরে পরবর্তীতে মিরপুর এলাকায় রিয়াদ মিয়ার ভাই মুরাদ মিয়াকে একটি গাড়ি দিয়ে মোটরসাইকেলসহ চাপা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে রিয়াদ মিয়া ও তার সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে মারধর করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যার পর বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরপুর বাজারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ে এবং টানা তিন ঘণ্টা ধরে চলে। এতে বাজারের একাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের প্রবীণ অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বি ও নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি স্থানীয় সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

 

তবে সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]