সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার গ্রাহক ১৩শ কোটি টাকা ফেরত চাইলেন

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৬:১২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৬:১২:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

টাকা তোলার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু করেছে। এরইমধ্যে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহক আবেদন করেছেন। এ জন্য একীভূত পাঁচটি ব্যাংকের শাখাগুলোয় গ্রাহকেরা ভিড় করছেন।

 

সম্মিলিত ইসলামী ব্যাংক সূত্রে জানিয়েছে, যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

 

সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে গতকাল টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন যাচাই–বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর গ্রাহকদের টাকা পরিশোধ শুরু করার কথা জানানো হয়েছে।

 

ব্যাংক সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম মেনে আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাইয়ের পর নিয়ম অনুযায়ী তাদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।

 

সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা ও মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না।

 

কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। হস্তান্তরকারী ব্যাংকের কাছে ওই গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

 

যেসব গ্রাহক এখনই আমানত তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]