বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন বাবা, বিমানেই জড়িয়ে ধরলেন মেয়েকে

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই অন্যরকম। আর সেই সম্পর্কে হঠাৎ পাওয়া কোনো সারপ্রাইজ মুহূর্তকে করে তোলে আরও বিশেষ। তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। নিজের জন্মদিনে বিমানে উঠে মেয়েকে বিমানসেবিকার পোশাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এক বাবা। মুহূর্তটি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানে একে একে যাত্রীরা প্রবেশ করছেন। দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছিলেন বিমানসেবিকারা। এরই মধ্যে বিমানে প্রবেশ করেন এক প্রৌঢ় ব্যক্তি। সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ে এক বিমানসেবিকার দিকে।

কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি যেন থমকে যান। সামনে দাঁড়িয়ে থাকা বিমানসেবিকাকে চিনতে তার কিছুটা সময় লাগে। পরে বুঝতে পারেন, তিনি আর কেউ নন তার নিজের মেয়ে শ্বেতা পাণ্ডে।

জানা গেছে, ওই দিন ছিল শ্বেতার বাবার জন্মদিন। বাবা যে ওই ফ্লাইটের যাত্রী হবেন, তা আগে থেকেই জানতেন শ্বেতা। তবে মেয়ের পরিকল্পনার কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি বাবা। জন্মদিনে বাবাকে চমকে দিতেই একই ফ্লাইটে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বাবাকে দেখেই শ্বেতা তার প্রতি সম্মান জানিয়ে প্রণাম করেন। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। মেয়েকে দায়িত্ব পালনরত অবস্থায় দেখে আবেগ ধরে রাখতে পারেননি বাবা। তার চোখেমুখে তখন আনন্দের অশ্রু ও মেয়েকে নিয়ে গর্বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

এই বিশেষ মুহূর্তের ভিডিওটি শ্বেতা নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবা-মেয়ের এমন নির্মল ভালোবাসার দৃশ্য দেখে নেটিজেনরাও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, বাবার চোখেমুখে মেয়েকে নিয়ে গর্বের ছাপ স্পষ্ট এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না। অন্য একজন লিখেছেন, এর চেয়ে মিষ্টি চমক আর হতে পারে না।

বাবা-মেয়ের এই আবেগঘন পুনর্মিলন যেন আরও একবার মনে করিয়ে দিল, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় সবচেয়ে অপ্রত্যাশিতভাবেই সামনে এসে হাজির হয়।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]