কেন্দুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:০৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:১০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের বাট্রা ১০ নম্বর মোড় সংলগ্ন কেন্দুয়া-চিরাং সড়কে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জড়ো হন।


পরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের জন্য তাঁদের প্রতি

কৃতজ্ঞতা জানান। তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন দেওয়ার জন্য তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তিনি অতীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। একই সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি বেতন-ভাতার যে অর্থ দেওয়ার কথা, তা তিনি দিয়ে যাচ্ছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন। কেন্দুয়া-আটপাড়ায় শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে রফিকুল ইসলাম হিলালী বলেন, বিশেষ করে ইংরেজি শিক্ষাকে আরও শক্তিশালী ও প্রতিষ্ঠিত করতে হবে। এ ক্ষেত্রে তিনি শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কেন্দুয়া-আটপাড়াকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]