শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অ'বৈধ সম্পদের সন্ধান

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:০২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৬:০২:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৩৬ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

একই সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের বিশেষ তদন্তের নথিতে এসব তথ্য উঠে এসেছে।

 

দুদকের অনুসন্ধানে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

অন্যদিকে শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিমের নামে জ্ঞাত আয়ের তুলনায় ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকার অতিরিক্ত সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার নামে বা বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই করতে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দুদকের নথি অনুযায়ী, শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের নামে জ্ঞাত আয়ের তুলনায় ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। আরেক ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকার সম্পদের অসংগতি শনাক্ত হয়েছে। এ ছাড়া শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে।

 

পরিবারের চার সদস্যকে সম্পদ বিবরণীর নোটিশ 

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, ফাতেমা সেলিম, শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও শেখ আমেনা সুলতানা সোনিয়াকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হবে।

তাদের নামে বা বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা উদঘাটন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের প্রধান কার্যালয়ের একটি বিশেষ অনুসন্ধান দল বিষয়টি তদন্ত করেছে। উপপরিচালক মো. খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের ওই দলে ছিলেন সহকারী পরিচালক বিলকিস আক্তার ও উপসহকারী পরিচালক এলমান আহাম্মাদ অনি।

এদিকে শেখ সেলিমের নামে ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার তথ্যও দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]