নিজস্ব প্রতিবেদক
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শোকবার্তায় তিনি বলেন, ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। এ ঘটনায় বিপুল সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হুমায়ুন কবির। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, এই দুঃসময়ে নেপালের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।
প্রয়োজন অনুযায়ী নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও শোকবার্তায় উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, নেপালের জনগণ দৃঢ়তা ও সাহসের সঙ্গে এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।