তিন দিন বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৪:২৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৪:২৮:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। আগামী তিন দিনও এসব নদীর পানি বাড়তে পারে। এর পেছনে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে।

 

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে সংশ্লিষ্ট নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

ব্রহ্মপুত্র-যমুনায়ও বাড়তে পারে পানি

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে। আগামী তিন দিন এই নদ-নদীর পানি বাড়তে পারে। এরপরের দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিনও তা স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিনে পানি বাড়তে পারে। যদিও এসব নদ-নদীর পানি বিপদসীমার নিচে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম ও ময়মনসিংহে মিশ্র পরিস্থিতি

পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। মাতামুহুরী নদীর পানি ছিল স্থিতিশীল। অন্যদিকে গোমতী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি কমতে পারে এবং পরবর্তী দুই দিন আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন এসব নদীর পানি কমতে পারে। এরপর দুই দিন পানি বাড়তে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিনও পানি কমার প্রবণতা থাকতে পারে। তবে তৃতীয় দিনে আবার পানি বাড়তে পারে।

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]