নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাদের আটক করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রাজধানীর ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ৩ জন ছিনতাইকারী মোটর সাইকেলযোগে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে ওই ভুক্তভোগী ছিনতাইকারীর পেছনে ছুটতে থাকেন। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়ে গেলে স্থানীয় জনগণ ছিনতাইকারীকে পিস্তলসহ আটক করে।
৯৯৯ থেকে কল পেয়ে তাৎক্ষনিকভাবে ধানমন্ডি থানায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কলটেকার কনস্টেবল মজিবুর রহমান এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯-এ দায়িত্বরত পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম।
৯৯৯ নম্বর থেকে সংবাদপ্রাপ্ত হয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ ছিনতাইকারী তানভীর আবেদীন জুয়েলকে (৪১) গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারকৃতকে সঙ্গে নিয়ে থানার আরও কয়েকটি টিম এবং ডিবি পুলিশ টিমের যৌথ অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুই জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে।