খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের সংগঠন ‘নবাঙ্কুর’-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে সাইদ আল সাহাব শোভন এবং সাধারণ সম্পাদক পদে আসওয়াদ ইসলাম নিরব নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাইদ আল সাহাব শোভন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদা রিফা পেয়েছেন ১২ ভোট এবং মুমতারিন আক্তার জেরিন পেয়েছেন ১০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আসওয়াদ ইসলাম নিরব ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান রাফি পেয়েছেন ১২ ভোট।
নির্বাচনের আগে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালান। দুই দিনব্যাপী ভোটগ্রহণ প্রক্রিয়ায় কৃষি অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নবনির্বাচিত সভাপতি সাইদ আল সাহাব শোভন ও সাধারণ সম্পাদক আসওয়াদ ইসলাম নিরব শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবীনদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।