নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়ির ভেতরে এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে ভাষানটেকের ওই বাড়িটি ঘিরে রেখেছে ডিবির একটি দল।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা জানান, ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে এক ব্যক্তি ডিবিকে ফোন করেন। ফোনে তিনি দাবি করেন, তার কাছে অস্ত্র রয়েছে। তিনি আর অপরাধের পথে থাকতে চান না এবং ভালো হয়ে যেতে চান। একই সঙ্গে পুলিশকে এসে অস্ত্রসহ তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তিনি আত্মসমর্পণ করবেন বলেও জানান।
ওই কর্মকর্তা বলেন, ফোনে এমন তথ্য পাওয়ার পর ডিবির একটি দল বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। তবে ওই ব্যক্তির দেওয়া তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।