নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ার আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্ৰামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে।
নিহত অন্যজন হলেন মোটরসাইকেল আরোহী তারই বন্ধু রাজু মাতুব্বর (১৮)। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্ৰামের কাওছার মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল জানায়, ঢাকা থেকে ফরিদপুরগামী ‘গোল্ডেন লাইন’ পরিবহন ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ার আন্ডারপাস অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। গুরুতর আহতদের ভাঙ্গা হাসপাতাল থেকে ঢাকা পাঠানোর সময় পথে তারা মারা যায়। মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে আটকে পুলিশ কাজ করছে।