মা'জা'র ধ্বং'স করলে আমরা ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী আজাদ

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৪৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৪৫:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না বলে হুশিয়ারি করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দেশে কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

 

বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করেছিল, মাজারগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না।’

 

প্রতিমন্ত্রী বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।’

 

তিনি আরও বলেন, ‘আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, তার নীতি ও আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল।’ অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি। দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]