খুক্রিবি প্রতিনিধি

খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৫:২২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৫:২২:৫৭ অপরাহ্ন
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্তকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ এ কর্মসূচির আয়োজন করে ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, দেশের মৎস্যসম্পদের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণাভিত্তিক জ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, পোনা অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও এর কাঙ্ক্ষিত সুফল পেতে হলে জলাশয়ের পরিবেশ রক্ষা, পানির মান বজায় রাখা, উপযোগী প্রজাতি নির্বাচন এবং অবমুক্ত মাছের বৃদ্ধি পর্যবেক্ষণের মতো বিষয়গুলো সমানভাবে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের বাস্তব কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মৎস্যখাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র, পাইকগাছার কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী। ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ডিন প্রতিনিধি ড. মো. মেহেদী আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ মৎস্যখাতের বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা টেকসই ও বিজ্ঞানসম্মত মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]