নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সন্দ্বীপে আকবর হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুলাতলী বাজারে দোকানে ঢুকে হামলা করে ব্যবসায়ীকে গুলি করা হয়।
হামলায় গুলিবিদ্ধ আকবরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত নিজামকে (৪৭) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতের স্বজনরা জানিয়েছেন, আকবরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানিয়েছেন, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি লেগেছে। চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করবেন।
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ব্যবসায়ী আকবর সংবাদমাধ্যমকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আমাকে গুলি করা হয়।’ হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার, খোকন ও স্বাধীনসহ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
তিনি আরো অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তার দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা সবাই রাজনীতির সঙ্গে জড়িত।
এ ঘটনার পর সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাতে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে আকবর হোসেনের দোকানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে তিনি নিশ্চিত করেন।