নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য ও ব্যবহৃত যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর সাড়ে ৪টায় চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের দুটি বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।
১০ বিজিবি সূত্রে জানা যায়, শিবেরবাজার বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার ভেতরে চৌয়ারা বাজার এলাকায় এবং কটকবাজার পোস্টের টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরের পালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম উদ্ধার করা হয়। আটক করা মালামাল ও যানবাহনের সর্বমোট বাজারমূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক নম্বর লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটক করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।