চাঁদাবাজির জেরে স্পিডবোট চলাচল বন্ধ, চিকিৎসা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার মৃ'ত্যু

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৬:২১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৬:২১:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা নৌরুটে আধিপত্য বিস্তার, ঘাট দখলের রাজনীতি ও চাঁদাবাজির জেরে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭২) সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। তার ভাতিজা রেজাউল করিম জানান, আজ সকাল ৯টার দিকে চাচার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি সংকটাপন্ন দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে শহরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এরপর রোগীকে নিয়ে গুপ্তছড়া ঘাটে যান স্বজনরা। ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো স্পিডবোট পাওয়া যায়নি। এমনকি ঘাট কর্তৃপক্ষকে রোগীর ‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচয় প্রদান করে জরুরি ভিত্তিতে পারাপারের অনুরোধ করা হলেও তারা স্পিডবোট দিতে রাজি হননি। ফলে যথাসময়ে শহরে পৌঁছাতে না পেরে চিকিৎসার অভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

একাধিক স্থানীয় সূত্র জানায়, স্পিডবোট ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় বিএনপি নেতার প্রভাব খাটানোর জেরে ঘাটে এই অচলাবস্থার সৃষ্টি হয়। এর জের ধরে স্পিডবোট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আরকে এন্টারপ্রাইজ’ ও ‘আদিল এন্টারপ্রাইজ’ কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে যাত্রী পারাপার বন্ধ করে দেয়। এতে শুধু এই বীর মুক্তিযোদ্ধাই নন, গুপ্তছড়া ঘাটে আটকে পড়া শত শত সাধারণ যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

এ বিষয়ে স্পিডবোট সেবা বন্ধ রাখার সুনির্দিষ্ট কারণ এবং রোগীর জরুরি মুহূর্তেও কেন বোট দেওয়া হয়নি-তা জানতে উক্ত দুই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]