হবিগঞ্জ নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ বাস্তবে চলাচল করছে ৫-৭ হাজারের বেশি

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:৫৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:৫৭:৪৭ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের পৌর শহর ও আশপাশের এলাকায় ব্যাটারি চালিত টমটম (ই-রিকশা) ও অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়লেও এর বড় একটি অংশের নেই বৈধ নিবন্ধন। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, হবিগঞ্জে নিবন্ধিত টমটমের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০ হলেও বাস্তবে শহর ও আশপাশের এলাকায় চলাচল করছে ৫ থেকে ৭ হাজারের বেশি টমটম। ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যাও এর কাছাকাছি বলে জানা গেছে। এসব যানবাহনের ব্যাটারি চার্জ দিতে হবিগঞ্জ শহরে গড়ে উঠেছে প্রায় ২০ থেকে ২৫টি চার্জিং গ্যারেজ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিকের বেশি গ্যারেজে টমটম ও অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে ব্যাটারিচালিত ও ই-রিকশা নিয়ন্ত্রণে সরকার নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, এসব যানবাহনের নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বিভিন্ন শর্ত আরোপ করা হবে।



সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারি চার্জ দিলে জরিমানা এবং নিবন্ধন নবায়নে জটিলতার বিধান রাখার কথাও জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। হবিগঞ্জের সচেতন মহলের মতে, শহর ও সদর উপজেলার বিপুলসংখ্যক টমটম ও অটোরিকশা প্রতিদিন বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। ফলে এসব যানবাহনের চার্জিংয়ের জন্য আলাদা বিদ্যুৎ চাহিদা তৈরি হচ্ছে। শহর ও সদর উপজেলার চার্জিং গ্যারেজ গুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব। তারা বলেন, প্রতিটি চার্জিং গ্যারেজে সৌর প্যানেল স্থাপন করে দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জের ব্যবস্থা করা যেতে পারে।


পাশাপাশি বিকল্প ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ থাকলে সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এতে একদিকে বিদ্যুতের ওপর চাপ কমবে, অন্যদিকে চার্জিং গ্যারেজগুলোও পরিবেশবান্ধব ব্যবস্থার আওতায় আসবে স্থানীয়রা আরও জানান। হবিগঞ্জ শহরে যেখানে নিবন্ধিত টমটমের সংখ্যা প্রায় ১ হাজার ৩শ, সেখানে বাস্তবে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে। ফলে শুধু নিবন্ধন ও নবায়ন নয়, এসব যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং চার্জিং গ্যারেজগুলোর ব্যবস্থাপনাও জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন বিধিমালা কার্যকর করার পাশাপাশি হবিগঞ্জে চলাচলরত টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার প্রকৃত সংখ্যা নির্ধারণ করে নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন।


একই সঙ্গে চার্জিং গ্যারেজগুলোকে নীতিমালার আওতায় এনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ রায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]