বিদ্যুৎ অপচয় করে রাতে ব্যাডমিন্টন খেলেন ইউএনও

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:১৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:১৬:২২ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অফিসার্স ক্লাবের সামনে কয়েক দিন ধরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলা চলছে। এজন্য একাধিক বৈদ্যুতিক বাতি দীর্ঘ সময় জ্বালিয়ে রাখায় সরকারি বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত বৈদ্যুতিক বাতি ব্যবহার করে ব্যাডমিন্টন খেলাধুলা চললেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে একদিকে সাধারণ মানুষ যখন বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় এভাবে বিদ্যুৎ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মালেক, মোঃ জসিম মিয়া মোঃ আমিনুল ইসলামসহ অনেকেই বলেন, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত নিয়মিতভাবে আলো জ্বালিয়ে খেলাধুলা করেন ইউএনও। এতে বিদ্যুৎ খরচ হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেখানে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে, সেখানে একজন সরকারি কর্মকর্তার কার্যালয় বা সরকারি বাসভবন এলাকায় এমন কর্মকাণ্ড কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।


স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল মিয়া বলেন, আমরা গ্রাহকরা বিদ্যুৎ পাই না। গরমে ঠিক মতো ঘুম হয় না। লোডশেডিংয়ের কারণে আমাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার বিঘ্ন ঘটছে আর একজন সরকারি কর্মকর্তা বিদ্যুৎ অপচয় করছেন। চিলমারী উপজেলা ছাত্রদল নেতা মোঃ মঈনুল ইসলাম মানিক বলেন, যেখানে দেশব্যাপী বিদ্যুতের সংকট সেখানে চিলমারী ইউএনও স্যার বিদ্যুৎ অপচয় করে এই গরমকালে ব্যাটমিন্টন খেলছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার। চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাইদ হোসেন পাখি বলেন, আমরা সাধারণ মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি সেখানে একজন সরকারি কর্মকার্তা হয়ে বিদ্যুৎ অপচয় করছেন। এটা সরকারকে বিপদে ফেলার যড়যন্ত্র। এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের মোবাইলে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, অনেকেই বিদ্যুৎ অপচয় করছেন তাতে ক্ষতি নেই। ইউএনও খেলেছে তাতে ক্ষতি হলো। খেলা শরীরের জন্য ভালো। একটু তো খেলবেই। সরকারি সম্পদ ও বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]