বাঘার দিঘায় অ'গ্নিকাণ্ডে ক্ষ'তিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু সাইদ চাঁদ, বিএইচআর গ্রুপ সহ সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকেই

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১১:৩৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১১:৪০:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘা পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। গত শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নূর উদ্দিনের বাড়িতে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নূর উদ্দিন ও তাঁর তিন ছেলের সাতটি ঘর পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, পাঠ, ধান, চাল, গম, পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের দাবি, আগুনে নগদ প্রায় ১০ লাখ টাকাও পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাদের হাতে নগদ ২০ হাজার টাকা, ১০ মণ চাল, ৫ কেজি ডাল, ২০ কেজি আলু, পাঁচটি শাড়ি ও চারটি লুঙ্গি তুলে দেন। এদিকে বাঘা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা, আট প্যাকেট শুকনা খাবার ও আটটি কম্বল প্রদান করেন। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন। গণমাধ্যমে প্রকাশিত অগ্নিকাণ্ডের সংবাদ দেখে ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন বিআইআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও জাকির হোসেন (বিপ্লব)। তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পাঁচটি চৌকি ও শুকনা খাবার সরবরাহ করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপি আবু সাইদ চাঁদ, বাঘা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শিক্ষক, যুবদল নেতা জামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]