কুড়িগ্রাম পৌরসভায় সড়কবাতির বেহাল দশা, বাড়ছে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৪০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৪৩:২৬ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ডজুড়ে সড়কবাতির অপ্রতুলতা ও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা বাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পর্যাপ্ত আলোর অভাবে অন্ধকারে থাকায় রাতের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ তাদের। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বেশ কিছু সড়ক ও অলিগলিতে সূর্যাস্তের পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে না।


এতে পথচারী, শিক্ষার্থী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নারী, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে বলে জানান তারা। পৌর এলাকার বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত অসংখ্য সড়কবাতি দীর্ঘদিন ধরে নষ্ট বা অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। কোনো কোনো এলাকায় বাতি নষ্ট হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও মেরামত বা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, পর্যাপ্ত আলোর অভাবে অন্ধকার এলাকায় চুরি, ছিনতাই, হয়রানিসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা বাড়ছে। ফলে শুধু নাগরিকদের স্বাভাবিক চলাচলই ব্যাহত হচ্ছে না, জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


দ্রুত সংস্কারের দাবি: জননিরাপত্তা নিশ্চিত ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নষ্ট সড়কবাতি দ্রুত মেরামত অথবা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে নতুন সড়কবাতি স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তারা।


স্থানীয়দের মতে, একটি নিরাপদ, আলোকিত ও বসবাসযোগ্য পৌরসভা নিশ্চিত করতে কার্যকর সড়কবাতি ব্যবস্থা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]