কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাছেল নির্বাচিত

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৯:৩৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৯:৩৭:৩৭ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সহিদুজ্জামান রাছেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ হাসান আলী ‘রিকশা’ প্রতীকে ২ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ সহিদুজ্জামান রাসেল পেয়েছেন ২ হাজার ১২১ ভোট। এ ছাড়া কার্যকরী সভাপতি পদে মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক পদে মোঃ আলমগীর কবির, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আয়নাল হক এবং শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম বুল্টু নির্বাচিত হয়েছেন।


সহসভাপতি পদে মোঃ আব্দুল জলিল ও মোঃ বাবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল লতিফ ও মোঃ মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সড়ক সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম, মোঃ নূরুজ্জামান ও মোঃ হাবিবুল ইসলাম নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে মোঃ আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মোঃ মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মোঃ বাবুল মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোঃ সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাঃ মোঃ মাহফুজার রহমান মজনু স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সহিদুজ্জামান রাছেল বলেন, “নির্বাচনে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান আলী বলেন, “শ্রমিকরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। সংগঠনের সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।”


নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ১৯টি পদের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]