শিলুয়া চা বাগানে ৫ শতাধিক শ্রমিকের মানববন্ধন ৫০০ টাকা মজুরি, ফ্যামিলি কার্ড ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবি

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১০:৪৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১০:৪৩:৩৩ অপরাহ্ন
এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শিলুয়া চা বাগানে চা শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় শিলুয়া চা বাগান কার্যালয়ের সামনে সর্বস্তরের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাগানের প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে শ্রমিকরা ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির অবৈধ গেজেট বাতিল, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা, চা শ্রমিক সন্তানদের চাকরি ও উচ্চশিক্ষায় কোটা নিশ্চিত করা, ১০০ শতাংশ ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাব্বির আলী, শিলুয়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি উপানন্দ বাউরী, সম্পাদক মন্তাজ মিয়াসহ বাগানের বিপুলসংখ্যক চা শ্রমিক। মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকদের বর্তমান মজুরি দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকরা আরও বলেন, বর্তমানে চা শ্রমিক পরিবারের নারীদের নামে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে চা শ্রমিক ভাতা দেওয়া হচ্ছে। তাদের দাবি, ওই ভাতার পরিবর্তে শ্রমিক পরিবারগুলোকে ১০০ শতাংশ ফ্যামিলি কার্ডের আওতায় আনা হলে পরিবারগুলো আরও বেশি উপকৃত হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাপ কিছুটা কমবে। বক্তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা, শ্রমিক সন্তানদের চাকরি ও উচ্চশিক্ষায় কোটা চালু করা এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনেরও দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে শ্রমিকরা তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]