কালীগঞ্জে ৩ এলাকায় অভিযান, ৩ মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:১৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:২২:৫৩ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানের একদিনে তিনটি মামলা, আর তিন মামলার রায়েই এসেছে কারাদণ্ড। উপজেলার তিন ভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আটক তিনজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক ও টেক মানিকপুর এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি করা হয়। রায়ে তুমলিয়া ইউনিয়নের পুন্নারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে (৪৭) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) পেয়েছেন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। তার ক্ষেত্রেও জরিমানার পরিমাণ ১০০ টাকা। অন্যদিকে মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. কাসেমকে (২৯) দেওয়া হয়েছে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা। ফলে এক অভিযানে মোট তিনটি মামলা নিষ্পত্তির পাশাপাশি তিনজনের কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]