ব্রাহ্মণপাড়ায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী গুরুতর আহত

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১১:৩৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১১:৩৯:০৩ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।



কুমিল্লার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের চান্দলা চারিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। গতকাল রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চারিপাড়া সড়কে দ্রুতগতির একটি সিএনজি ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিন জন বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।



গুরুতর আহত ব্যক্তিরা হলেন—উপজেলার ধান্যদৌল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রুহুল আমিন, সিদলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জোহরা বেগম, দীর্ঘভূমি গ্রামের সফিকুল ইসলামের ছেলে খন্দকার শাহজালাল ও তাঁর স্ত্রী মমতাজ বেগম, চান মিয়ার ছেলে মনজুরুল ইসলাম, সাহেবাবাদ গ্রামের নিয়ত আলীর ছেলে আবদুল জলিল এবং দুলালপুর গ্রামের তাহরিন হোসেনের স্ত্রী শিল্পী আক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আহত সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]