নানা কর্মসূচিতে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১১:৩০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১১:৩২:০৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের স্মরণ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম মিলি কায়কোবাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।


বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্য, অন্যায় ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সমন্বয়ক, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগাবে।


দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। দিনব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস শ্রদ্ধা, স্মরণ ও নতুন বাংলাদেশের প্রত্যয়ের মধ্য দিয়ে পালিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]