কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:০১:৫৮ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জুবাইর হোসেনের উপর হামলা করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে তাকে পেটান সরকার দলীয় নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক মোঃ জুবাইর হোসেনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করার জন্য পেশাগত কারণে তিনি উপজেলা পরিষদ অডিটরিয়ামে যান। সেখানে হঠাৎ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অডিটরিয়াম থেকে টেনে বাইরে বের করেন এবং মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে হঠাৎ পেটানো শুরু করেন নেতাকর্মীরা। বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার মাথা লক্ষ্য করে বেধড়ক মারপিট করেন। এ সময় অডিটরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম সালেহী, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান বুলবুল ও যুগ্ম আহ্বায়ক মোঃ নুরজ্জামান বাচ্চু, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব মোঃ সোলায়মান সরকারসহ বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


হামলার শিকার মোঃ জুবাইর হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে যাই। ভেতরে ওসি বক্তব্য দিচ্ছিলেন। আমি অনুষ্ঠানের ভিডিও-ছবি তুলছিলাম। হঠাৎ বিএনপি কর্মী শামীম আমাকে টেনে অনুষ্ঠান থেকে বাইরে নেন। মোটরসাইকেলে উঠতে বলেন। আচমকাই আমাকে পেটাতে থাকে দলের নেতাকর্মীরা। তারা আমার মাথা লক্ষ্য করে পেটাতে থাকেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ কী কারণে পিটিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘আমি জানি না। আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমার সংবাদ প্রতিবেদন কিংবা লেখালেখিতে সংক্ষুব্ধ হয়ে তারা আমার ওপর হামলা করেছে বলে ধারণা করছি।


হামলাকারী সবাইকে চিনতে পারিনি। তবে তারা সবাই বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।’ অনুষ্ঠানস্থলে উপস্থিত উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী বলেন, ‘আমরা সকলে অডিটরিয়ামে ছিলাম। হঠাৎ শুনে ওসিসহ বাইরে গিয়ে গন্ডগোল থামিয়েছি। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। যারা এটাতে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘সাংবাদিকের উপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত সাংবাদিক আগে চিকিৎসা নিক।


তিনি লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাংবাদিক জুবাইরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তার সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]