জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা সহ রাজধানীতে ছাত্রদল ও যুবদলের সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:১৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:৩৪:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রটারি ও জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এক যৌথ বিবৃতিতে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজ সহ সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল ও যুবদলের সংঘটিত হামলা, ভাঙচুর ও সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও যুবদলের সশস্ত্র সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গভীর রাতে ঢাকা গ্রাফিক্স অ্যান্ড আর্টস ইনস্টিটিউটের হল থেকে সাধারণ শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন করে বের করে দেওয়া এবং ঢাকা আলিয়া মাদ্রাসার হল ভাঙচুরের ঘটনা শিক্ষাঙ্গনে চরম নৈরাজ্যের বহিঃপ্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাস গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসনের পরিপন্থি। মত ও পথের ভিন্নতার কারণে কারও ওপর হামলা, নির্যাতন কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ নেই। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


নেতৃদ্বয় আরও বলেন, যুবদলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নয়নের নেতৃত্বে ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল হকের ওপর রামদা নিয়ে বর্বরোচিত ও সশস্ত্র হামলা চালানো হয়েছে, যা তাকে রক্তাক্ত ও গুরুতর জখম করেছে। একজন প্রবীণ আলেম ও শিক্ষাবিদের ওপর এ ধরনের নৃশংস হামলা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চরম সীমা লঙ্ঘন করেছে। হামলাকারী যুবদল নেতা নয়নসহ সকল সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামীর ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী এনায়েত উল্লাহর বাসভবনে ছাত্রদল, যুবদল ও বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা ও ভাঙচুরের ঘটনা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কাপুরুষোচিত। অবিলম্বে হাজী এনায়েত উল্লাহর বাসভবনে হামলা ও ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে।


নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই অছাত্র, বহিরাগত টোকাই ও যুবদলের সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। সরকার যদি তাদের ছাত্র ও যুব সংগঠনের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয় তাহলে এর দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে। জনগণ তাদের সমুচিত জবাব দিতে বাধ্য হবে এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।


নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বার্তা প্রেরক আশরাফুল আলম ইমন সহকারী মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]