বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:৪৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:


শত শত সশস্ত্র ক্যাডার নিয়ে হামলার অভিযোগ; তদন্তে প্রভাব ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কায় কারাগারে রাখার আবেদন পুলিশের চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল আজম (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে সংঘবদ্ধ হামলার ঘটনায় নুরুল আজমের বিরুদ্ধে নেতৃত্ব, পরিকল্পনা, উসকানি ও প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে চলমান আন্দোলন দমনে কয়েকশ সশস্ত্র ব্যক্তিকে নিয়ে মিছিলে হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনা ঘটে।


এতে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর নুরুল আজম আত্মগোপনে থেকে সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন অপতৎপরতায় সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট ২০২৬, রবিবার রাতে ফটিকছড়ির বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার তদন্ত এখনও চলমান। এ অবস্থায় আসামি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়া, সাক্ষীদের প্রভাবিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।


এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল আজম বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে নাছির উদ্দিন ও কামাল উদ্দিনের দায়ের করা ৪ টি মামলা, তার আপন বড় ভাই নুরুল আলম নুরের স্ত্রীর দায়ের করা একটি মামলা, শহীদুল্লাহ চৌধুরীর করা চেক প্রতারণার মামলা, বিবিরহাট বাজারে দোকান দখল সংক্রান্ত মামলা এবং নুসরাত জাহানের দায়ের করা হত্যাচেষ্টা মামলা উল্লেখযোগ্য। তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়া নুরুল আজম বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]