কুমিল্লা প্রতিনিধিঃ-
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা জেলা উত্তরের মেঘনা উপজেলা শাখার বিএনপির সদস্য সচিব জনাব এম এম মিজানুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: সালাহউদ্দিন সরকারকে সদস্য সচিবের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ ০৩ আগস্ট (সোমবার) কুমিল্লা জেলা উত্তর বিএনপির প্যাডে সভাপতি ও যুগ্ম আহ্বায়কদের
যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে লিপ্ত থাকায় এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িত হওয়ার সুস্পষ্ট প্রমাণ থাকায় আপনাকে (মিজানুর রহমানকে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা শাখার বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। শূন্য হওয়া এই পদে দলের কার্যক্রম গতিশীল করতে মেঘনা উপজেলা শাখার বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: সালাহউদ্দিন সরকারকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিটিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম এবং যুগ্ম আহ্বায়কগণ যথাক্রমে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ওসমান গনি ভূঁইয়া ও সুফিয়া খাতুনের স্বাক্ষর রয়েছে।