কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১১:২৮:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১১:৩০:১৬ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে খান ফার্মেসি, জুথি বেকারি ও মামুন স্টোর-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন। অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, "মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাই। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বাজারে বিক্রিত খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা এবং মেয়াদ নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি অনেকাংশে কমবে এবং সাধারণ ভোক্তারা নিরাপদ খাদ্য ও পণ্য ক্রয়ে আরও আস্থা পাবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]