২০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ,উদ্ধার করল পুলিশ

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:৩৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:৩৯:২৮ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 
চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজি চালক মো. রাকিবের সঙ্গে একই এলাকার রোকনা বেগমের বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভিযোগ রয়েছে, জন্মের এক মাসের মাথায় শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করা হয়। এর আগে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির দাদী ফিরোজা বেগম বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পুত্রবধূ রোকনা বেগমসহ কয়েকজন আত্মীয়ের প্ররোচনায় শিশুটিকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের শিশুটির মৃত্যুর খবর জানিয়ে দাফন সম্পন্ন হয়েছে বলে বলা হয়। বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]