সততার মূল্যায়নে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:৫৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:৫৬:০৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে সততার সঙ্গে ফিরিয়ে দেওয়ায় স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা হিসেবে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন। জানা যায়, সম্প্রতি মোশারফ হোসেনের সততার ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া নিউজে প্রকাশিত হলে বিষয়টি জেলা পরিষদের প্রশাসকের নজরে আসে। পরে তিনি জানতে পারেন, মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত এম এম মজনু হোসেনের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে ভাড়া বাসায় বসবাস করছেন। এরপর তাকে জেলা পরিষদ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহীন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। ওইদিন বিকেল ৩টায় ছেড়ে যাওয়া ৭০৩ নম্বর গোধূলি এক্সপ্রেসের ‘ঘ’ কোচে দায়িত্ব পালন করছিলেন স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন। নরসিংদী স্টেশনে কেবিন নম্বর-৬-এর যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি একটি পলিথিনের ভেতরে থাকা জর্দার কৌটা উদ্ধার করেন। কৌটার ভেতরে ছিল প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ২ হাজার টাকা। কিছুক্ষণ পর সংশ্লিষ্ট যাত্রীরা ফোন করে তাদের মূল্যবান জিনিসপত্র হারানোর কথা জানালে মোশারফ হোসেন তাদের আশ্বস্ত করেন যে উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা তার কাছেই নিরাপদে সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেসে ভৈরব বাজার স্টেশনে পৌঁছে রাত প্রায় ১টা ৫০ মিনিটে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করে তিনি স্বর্ণের চেইন ও নগদ টাকা তাদের হাতে বুঝিয়ে দেন। তার এই সততার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বর্তমান সময়ে সৎ মানুষ পাওয়া খুবই কঠিন। মোশারফ হোসেন যে সততার পরিচয় দিয়েছেন, তা শুধু তার নিজের নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়ার জন্য গর্বের বিষয়। তার এই মহৎ কাজ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিউজকেও ধন্যবাদ জানাই।” সম্মাননা গ্রহণ শেষে স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন বলেন, “আমি একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি। এ জন্য যে সম্মাননা পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কখনো প্রচারের জন্য কাজটি করিনি। তবে ব্রাহ্মণবাড়িয়া নিউজ বিষয়টি প্রকাশ করায় দেশজুড়ে মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছি। এজন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]