ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতের আশ্বাস দিলেন এমপি শ্যামল

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১০:৫৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১০:৫৯:৪০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার (১ আগস্ট) দুপুরে হাসপাতালের শিশু ও পেইন ওয়ার্ডের সংস্কারকাজের উদ্বোধন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় এমপি শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার এই হাসপাতালকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, হৃদরোগ ও চক্ষু চিকিৎসাসেবা চালু এবং বিভিন্ন বিশেষায়িত বিভাগ সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ থেকে ৫০০-তে উন্নীত করার বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে জেলার বিপুলসংখ্যক মানুষ উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।


হাসপাতালের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করা হয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তৎকালীন প্রতিমন্ত্রী হারুনুর রশীদের উদ্যোগে এটি ২৫০ শয্যায় উন্নীত হয়। ভবিষ্যতে হাসপাতালটিকে আরও আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করা হবে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে শুধু ভবন নির্মাণ বা শয্যা সংখ্যা বাড়ালেই হবে না; প্রয়োজন দক্ষ চিকিৎসক, নার্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং পর্যাপ্ত জনবল। এসব বিষয় নিশ্চিত করেই ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হবে। পরিদর্শনকালে তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, জেলা ড্যাব সভাপতি মকবুল হোসেন, সাবেক জেলা সিভিল সার্জন ডা. মুসা খান, জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহসভাপতি জহিরুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মেসবাহ উদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম, আবাসিক চিকিৎসক ডা. শাহীন ভূইয়া, সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আকতার হোসেন, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেনসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]